চট্টগ্রাম নগরীতে বাসা থেকে চুরি করা মালামালসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) রাত ১১টার দিকে বাকলিয়া থানার বলিরহাট মাজার সংলগ্ন সিরাজ সওদাগরের ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলো- তাসনুর বেগম (১৯) ও তাসলিমা বেগম (২১)। তারা সম্পর্কে বোন। তাসনুর চট্টগ্রামের চান্দগাঁওয়ের মনির বাড়ির মো. খোরশেদের স্ত্রী এবং তাসলিমা বাকলিয়ার বলিরহাটের জসিম বিল্ডিংয়ের ৩য় তলার ভাড়াটিয়া মো. মনির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে স্ত্রী-সন্তানসহ বাকলিয়ার বাসা থেকে পলোগ্রাউন্ড মাঠে চলমান বাণিজ্য মেলায় যান ডালিম মহাজন। মেলা থেকে বাসায় ফিরে দেখতে পান আলমারিতে রাখা ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটিসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় ডালিম মহাজন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে গতকাল (শনিবার) রাতে অভিযান চালিয়ে চুরিকৃত মালামালসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তাসনুর ও তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বাসা থেকে চুরিকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে।

