চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৫ জুন)সকালে নগরীর পুরাতন ফিশারীঘাট মেরিনার্স রোডে জোড়া ব্রীজের উপর এই দুর্ঘটনায় ঘটে।
তৃপ্তি ধর, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বড়শালঘর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মৃত ভজন চন্দ্র সূত্রধরের মেয়ে। তিনি নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন দুই নম্বর গলি অপূর্ব চৌধুরী বিল্ডিং এর ৫ম তলায় বসবাস করতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পুরাতন ফিশারীঘাট মেরিনার্স রোডের জোড়া ব্রীজের ওপর ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি (সাতক্ষীরা-ট- ১১০৫০১) জব্দ ও ট্রাক চালক মো.আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।

