চট্টগ্রাম উপজেলার লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার সাত দিন পর নাবিলুর ইসলাম রাবিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবিব লোহাগাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিল্যা পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মো. রোস্তম জানায়, গত শুক্রবার ব্যাটারিচালিত রিক্সা যোগে উপজেলা সদর বটতলী স্টেশনে যাওয়ার পথে পুরাতন থানা গেইট এলাকায় বিপরীতমুখি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় রাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় রাবিবের মাথা ও বুকে গুরতর জখম হয়েছিল।

