চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় টানা বর্ষণের কারণে ধসে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কয়েক জায়গায় ছোট-খাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুন) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে সতর্ক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, পাঁচটি পাহাড়ে ধস দেখতে পেয়েছি। আমরা ক্যাম্পাসে মাইকিং করেছি, পাহাড় সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য।
এর আগে টানা ভারী বর্ষণে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি পাহাড় ধসে পড়ে। উপড়ে যায় ৯টি গাছ ও ফাটল ধরেছে গ্যাসের লাইনে।

