চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় মরহুম আবুল বশর মেম্বার বাড়িতে এই বেদনাদায়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই বাড়ির বাসিন্দা মোঃ আব্দুল হালিম (ননা মিয়া)-এর কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফটিকছড়িতে বার বার পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতিকে এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
