চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীতে অনলাইনে জুয়া খেলতে গিয়ে মো. মনির হোসেন (৩২) নামে এক জুয়াড়ি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ১টি স্মার্টফোন এবং নগদ ৬ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৩ জুলাই) রাতে পাহাড়তলীর আমবাগান এলাকার ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন কাশেম স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়া পুসকুনির মৃত মো. আবুল কাশেমের ছেলে।
র্যাব জানায়, মনির অনলাইন ওয়েবসাইট বেট৩৬৫ (bet 365) এর রয়েলস৭৮৮ (ROYALS788) এবং সানিয়া৩৪৬ (Sanya346) অ্যাকাউন্টসের মাধ্যমে জুয়া খেলার পরিচালনা করে আসছিল। এছাড়া অজ্ঞাত আরও অন্যান্য সহযোগীদের সহায়তায় বাজির টাকা ডলার ও ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করে। সে তার নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে জুয়ার চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকা লেনদেন করে থাকে। তার অ্যাকাউন্টস চেক করে ভারতীয় ২৩১৩.৩৫ রুপি (বাংলাদেশি ২৭২৯.৭৫৩/- টাকা) এবং ০.৩৫ ইউএস ডলার (বাংলাদেশি ৩১ টাকা) জমা হওয়ার সত্যতা পাওয়া যায়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মনির অনলাইন বেটিং রিংয়ে যোগদান করে এবং পরবর্তীতে অন্যান্য কিশোর-কিশোরীদের অনলাইন সাইটের মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে অনলাইন গেম ও সাইবার অপরাধে আসক্ত করে। মনিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

