নগরীর চকবাজার থানার মৌসুমি আবাসিকে সৌরভ খান সোহাগ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার মো. শফি।
আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির করা হলে সোহাগকে হত্যার কথা স্বীকার করে শফি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সোহাগ হত্যার ঘটনায় চকবাজার থানার ডিসি রোড হাজি মোহাম্মদ হোসেন বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শফি (৫০) ও তার ছেলে সাকিব হোসেনকে (১৯) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চকবাজার থানার মৌসুমি আবাসিকের মোড়ে সৌরভ খান সোহাগ (২৩) নামের এক ক্যাবল অপারেটরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সৌরভ খান সোহাগ নগরের কোতোয়ালী থানার দেওয়ানবাজারের মাছুয়া ঝর্না এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ির হারুনুর রশীদের ছেলে। তিনি চকবাজার থানার ডিসি রোড ফরিদ ম্যানশনে বসবাস করেন। তিনি ইন্টারনেটের সংযোগের ক্যাবল অপারেটর।

