চট্টগ্রাম নগরীর বন্দর ও পটিয়া উপজেলা থেকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজনের মধ্যে একজন কিশোর রয়েছে। বাকি দুজন হলেন- পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের মো. আমান (২৫) ও কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামের মো. সাজ্জাদ হোসেন (৩১)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, শনিবার চোরাই বাইসাইকেলসহ ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল চোরচক্রের অন্য দুই সদস্যকে গ্রেফতার করা হয়। রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, চোরচক্রটি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

