চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
দুপুর ১টার দিকে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় খাতুনগঞ্জে স্বাভাবিক কর্মব্যস্ততা চলছিল। সড়কে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং মালামাল ওঠানো-নামানোর কাজ চলছিল। এর মধ্যে ১০ থেকে ১৫ জনকে ব্যবসাপ্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনের কক্ষের বেশ কয়েকটি কাচ ভাঙা। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা। এ সময় দলের সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, খাতুনগঞ্জসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর রয়েছে। এভাবে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক। স্বাধীনতার পর খাতুনগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেনি। এমন ঘটনা এই প্রথম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। তা না হলে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সময় থাকতে তাদের কঠোর হাতে দমন করতে হবে। আজ আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, কাল অন্যদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হতে পারে।’
এমইবি গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়েব রিয়াদ বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা মানুষের জন্য কাজ করে আসছেন। ঘটনার গভীর তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

