গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় থানায় আটক কয়েকজনকে ছাড়িয়ে নিতে একদল লোক থানায় হামলা চালায় বলে স্থানীয় সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। পরে তাঁরা আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে যান।
স্থানীয়দের অভিযোগ, এ সময় পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে। পরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ডেইলি বাংলাদেশের প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানায় হামলা চালান।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, হামলার সময় থানার ভেতরে ভাঙচুরের পাশাপাশি পুলিশের কয়েকটি গাড়ি এবং থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে পুলিশের গাড়ি, রাজনৈতিক দলের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে প্রকাশিত বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ শহরের পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানানো হয়েছিল। পরবর্তী সময়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের খবর আসে।
থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

