ইচ্ছেমতো টাকা তোলার সুযোগ এবং মুনাফার হার অন্যান্য তফসিলি ব্যাংকের সমপর্যায়ে করার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টারের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকেরা জানান, দীর্ঘ দিন ধরে তাঁরা তিন দফা দাবি জানিয়ে আসছেন। এসব দাবির মধ্যে ছিল রেজ্যুলেশন ছাড়া স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু, হেয়ারকাট বাতিল এবং বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মুনাফার হার নির্ধারণ। তাঁদের ভাষ্য, হেয়ারকাট বাতিল করা হলেও আমানতকারীরা এখনো প্রয়োজনমতো টাকা তুলতে পারছেন না। এ ছাড়া ব্যাংকটির মুনাফার হারও অন্যান্য তফসিলি ব্যাংকের সমপর্যায়ে করা হয়নি।
অবস্থান কর্মসূচিতে আমানতকারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমানতের ন্যায্য মুনাফা নিশ্চিত করতে আমাদের দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা জরুরি।’
অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, হেয়ারকাট বাতিল হওয়ায় তিন মাস মেয়াদি আমানতকারীরা সহজে টাকা তুলতে পেরেছেন। তবে রেজ্যুলেশনের কারণে এখনো প্রয়োজনমতো টাকা তোলা যাচ্ছে না।
তিনি বলেন, ‘অন্য ১০টি তফসিলি ব্যাংকে যেভাবে টাকা তুলতে ও জমা দিতে পারি, এই ব্যাংকগুলোতে কেন সেই সুবিধা পাচ্ছি না? কেন একই হারে মুনাফা পাচ্ছি না?’
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘মানুষ তিলে তিলে অর্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছেন। পাঁচ-ছয় বছর জমা রাখার পর রেজ্যুলেশন দিয়ে টাকা আটকে রাখার সুযোগ ব্যাংকের নেই।’
তিনি আরও বলেন, এখন তাঁদের বলা হচ্ছে, ব্যাংক মুদারাবা-মুশারাকা ভিত্তিতে চলবে। কিন্তু আমানতকারীরা সেই ভিত্তিতে টাকা জমা রাখেননি। ‘দুই বছর আগে মুদারাবা-মুশারাকা কোথায় ছিল?’ প্রশ্ন রাখেন তিনি।
এ সময় আমানতকারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

