মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে মারা গেছেন দুই প্রবীণ সাংবাদিক। বৃহস্পতিবার ( ৪ জুন ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সিনিয়র ফটোসাংবাদিক শিশির বড়ুয়া (৬৭) এবং শুক্রবার (৫ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে প্রভাত বড়ুয়া (৬২) পরলোক গমন করেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে পটিয়ার আশিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশির বড়ুয়া। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রভাত বড়ুয়া।
দুজনই চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্য ছিলেন।
শিশির বড়ুয়া ১৯৮৩ সালে দৈনিক নয়াবাংলায় ফটোসাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সেও খণ্ডকালীন ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালের ঘূর্ণিঝড় পরবর্তী চট্টগ্রাম–কক্সবাজার উপকূলের দুর্যোগ চিত্র ধারণ করে তিনি আলোচনায় আসেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে প্রভাত বড়ুয়া ১৯৬৪ সালের ১৮ নভেম্বর হাটহাজারীর মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে দৈনিক আজাদীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর ১৯৮৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত টানা প্রায় চার দশক দৈনিক পূর্বকোণে কর্মরত ছিলেন।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহকর্মীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

