ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যুর কয়েক ঘন্টার ব্যবধানে একই সড়কে বরিউল হোসেন রবি নামে প্রাণ হারাল আরেক যুবক। ১ মে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার পাইন্দং নয়াবাজারের দক্ষিনে স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার পুত্র। জানা যায়, মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রবিউল রাস্তায় পড়ে যায়। পরে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।
স্থানীয় বাসিন্দা কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য,একই সড়কের অল্প দূরত্বে সকালেও সড়ক দুর্ঘটনায় স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) ও তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮) নামের পিতা- পুত্র নিহত হয়েছে। জানা যায়, সকালে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন শাহজাহান ও তার ছেলে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
