রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম ও কক্সবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ২ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ও অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িতব্য প্রকল্পের পুরো অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বাসসকে বলেন, টেকসই সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় চট্টগ্রামের ১৫টি এবং কক্সবাজারের ৯টিসহ মোট ২৪টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে।

চট্টগ্রামের উপজেলাগুলো হলো- মীরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী।

অন্যদিকে কক্সবাজারের উপজেলাগুলো হলো- কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, রামু, কুতুবদিয়া, উখিয়া, পেকুয়া ও ঈদগাঁও।

প্রকল্প সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় অবকাঠামোগত চাহিদা বিবেচনায় নিয়ে প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী কোথাও বিন্না ঘাস লাগানো হবে, আবার কোথাও জেটি নির্মাণ বা উন্নয়ন করা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকল্প চলমান রয়েছে। এ ধরনের বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সড়ক নির্মাণ ও পুনর্বাসনের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করা।

প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো কৃষি ও অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে গ্রামীণ সড়কের উন্নয়ন, হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবাকেন্দ্রে মানুষের যাতায়াত সহজ করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি জেলা। তবে অপর্যাপ্ত গ্রামীণ অবকাঠামো এ দুই জেলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বাধা।

চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। অন্যদিকে কৃষি, লবণ উৎপাদন, মৎস্য আহরণ ও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে কক্সবাজারের অর্থনীতি। দুই জেলার মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ গ্রামাঞ্চলে বসবাস করে।

এ দুই জেলায় বড় দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী অর্থনৈতিক অঞ্চল রয়েছে। আগামী এক দশকে এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি শিল্প খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় প্রায় ২০০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম অনেকাংশে গ্রামীণ সড়কের ওপর নির্ভরশীল।

প্রকল্পের আওতায় গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা সড়ক বিটুমিনাস কার্পেটিং (বিসি), রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) এবং ইউনিব্লক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ ও পুনর্বাসন করা হবে। পাশাপাশি সেতু ও কালভার্ট নির্মাণ, সড়ক সুরক্ষা, পাশের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন এবং বিদ্যমান সড়ক সংস্কারের কাজও করা হবে।

এছাড়া ৬৩০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, ছয়টি জেটি নির্মাণ, ৩৭৬ কিলোমিটার পাকা সড়কের পাশে সড়ক বাঁধ সম্প্রসারণ, সামাজিক বনায়ন এবং ২৪টি ভেটিভার ঘাসের নার্সারি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের মূল্যায়নেও প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে লাভজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০২৫ সালের জুনে ডেভেলপমেন্ট ইনসাইট অ্যান্ড সলিউশন লিমিটেড প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে। ওই সমীক্ষায় প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (২০২৬-২০৩১)-এর সঙ্গেও প্রকল্পটির সামঞ্জস্য রয়েছে। বিশেষ করে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার অগ্রাধিকারের সঙ্গে এটি সংগতিপূর্ণ। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, টেকসই কৃষি এবং সহনশীল অবকাঠামো ও শিল্প উন্নয়নসংক্রান্ত টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ১, ২ ও ৯ নম্বর লক্ষ্যের সঙ্গেও প্রকল্পটি সম্পর্কিত।

গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় বিভিন্ন পর্যবেক্ষণ পরিপালনের শর্তে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। পরে পরিকল্পনা কমিশন সরকারি অর্থায়নে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করে।

এই বিভাগের সব খবর

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা...

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অরাজনৈতিক ও...

সর্বশেষ

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...

নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ

বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী...

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য...

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত...

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান...

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...