ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। রাতের আঁধারে দু’চারটা পটকা ফুটিয়ে এদেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দুরের কথা। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না।
আজ বুধবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তাঁর হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটছে না, তারাও নীরব রয়েছেন— এটাও চিন্তার বিষয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী প্রমুখ।

