চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও শিল্পায়নের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে চট্টগ্রাম দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়ীদেরও আকৃষ্ট করছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের কাজীরদেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ২০ দিনব্যাপী ৭ম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। মেলায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, চীন ও ইরানসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে কাজ করছেন। কিন্তু উৎপাদিত পণ্যের যথাযথ বাজার সৃষ্টি, প্রচার, প্রসার ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করা উদ্যোক্তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের বাণিজ্য মেলা বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে দেয়।
তিনি বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে এ নগরীর সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। তাই চট্টগ্রামে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।

