রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সুইডেন আসলাম এখন ডিবি হেফাজতে রয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।
‘সুইডেন’ নামের নেপথ্যে: আসলামের প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেন প্রবাসী। কিশোর শাকিল হত্যাকাণ্ডের পর আসলাম সুইডেনে স্ত্রীর কাছে চলে যান এবং সেখানে কয়েক বছর বসবাস করেন।
পরবর্তী সময়ে দেশে ফেরার পর তার নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।

