চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্তন ক্যান্সার সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি বলেন, এ রোগের বিষয়ে নারীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্তন ক্যানসারের ক্ষেত্রে রোগ নির্ণয়ে দেরি হলে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে এবং মৃত্যুঝুঁকিও বেড়ে যায়। তাই কোনো ধরনের অস্বাভাবিকতা বা উপসর্গ দেখা দিলে সংকোচ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।
মেয়র পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে একটি গোলাপি আলো জ্বালানোর অনুরোধ জানান। তিনি বলেন, এই ছোট্ট আলো মা, বোন, স্ত্রী ও কন্যাসহ প্রতিটি নারীর সুস্বাস্থ্য এবং স্তন ক্যানসার সচেতনতার প্রতি আমাদের সংহতির প্রতীক হয়ে দাঁড়াবে।
শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী এবং অধ্যাপক ডা. গোফরানুল হক ও অধ্যাপক ডা. সাজ্জাদসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
শোভাযাত্রার শেষ প্রান্তে বিআরটিএ’র একটি দ্বিতল গোলাপি বাস অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। এই বাসের মাধ্যমে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা করা হবে।

