প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় দুই ভাই-বোন এবং অপরটিতে দুই সহোদর নিহত হয়েছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা এবং রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ দুই পাহাড় ধসের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বরিশাল ঘোনা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ওই সময় পাহাড়ের পাদদেশে ফজলুল হকের বাড়িতে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যেরা চাপা পড়ে। এ ঘটনায় মাইনুর ও শাহেনুর আকতার নামের দুই ভাই-বোন নিহত হন। এ সময় আহত হন ফজলুল হক ও তাঁর স্ত্রী মোশারা বেগমসহ আরও তিন জন।
এ ছাড়া দিবাগত রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় লিটন ও ওমর নামের দুই সহোদর নিহত হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস লিডার উচিং জানান, শুক্রবার রাত তিনটার দিকে নগরীর আকবরশাহ এলাকায় ফয়সলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করি। ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে আনা হয়।


