বিদ্যুৎ সংযোগ দিতে গ্রাহক হয়রানি, আবার আবেদনের সিরিয়াল অতিক্রম করে বিদ্যুৎ সংযোগে অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম মহানগরীর স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেনের বিরুদ্ধে।
ঘুষ দাবিসহ হয়রানির অভিযোগে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ বিভাগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম। দুদকের সহকারী পরিচালক এনামুল হক অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বিদ্যুৎ সংযোগের বিভিন্ন নথি যাচাই করেন।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ঘুষদাবিসহ গ্রাহক হয়রানির অভিযোগ পেয়ে আমরা পিডিবির স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ কার্যালয়ে অভিযান চালিয়েছি। সরাসরি ঘুষ দাবির অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও আবেদনের তারিখ থেকে বিদ্যুৎ পর্যন্ত দীর্ঘ সময়ক্ষেপন আবার সিরিয়াল অতিক্রম করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগের বিষয়ে কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা অভিযানের বিষয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো। কমিশনের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

