চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সোমবার (৩১ মার্চ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এতে উপস্থিত ছিলেন,ফটিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ মুহাম্মদ সেলিম,ভুজপুর থানা অফিসার্স ইনচার্য বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী-সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বৃহত্তর ফটিকছড়ি এলাকার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে অবৈধভাবে মাটি কাটা, গাছ নিধন, বালু উত্তোলন বন্ধ, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বিভিন্ন স্থানে জুয়ার আসর বন্ধ করা, ঈদকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধ, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সভায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আড্ডা ও অবৈধ বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন এবং এসব বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সভায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
