চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে সাতবাড়িয়া ইউনিয়নের হাছানদণ্ডী মৌজায় বড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপ-ধারা অনুযায়ী, পাম্প, ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা বেআইনি। চন্দনাইশ উপজেলায় কতিপয় অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে।
এতে বিনষ্ট হচ্ছে জমির উর্বরতা। কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

