বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী আয়কর রিটার্ন ও তথ্য সেবা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ই-টিআইএন নিবন্ধন, রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ ও তথ্য প্রদান করা হচ্ছে।
সোমবার সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চল ৪ কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্যসেবা উদ্বোধন করেন কর কমিশনাররা। শুভেচ্ছা বক্তব্য দেন কর আপিল কমিশনার মনজুমান আরা বেগম। উপ কর কমিশনার (সদর প্রশাসন) মো. ফারজানুল ইসলাম সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান।
কর কমিশনার (অঞ্চল ২) বলেন, এ আয়োজন তাদের জন্য যারা সরকারকে কর দেন। আয়কর গ্রহণের শেষ মাসে সহজে রিটার্নের তথ্য পূরণ ও দাখিলে সেবা দিয়ে থাকি। করদাতারা আমাদের সেবা নেবেন এ আশাবাদ ব্যক্ত করছি।
কর কমিশনার (অঞ্চল ৩) সৈয়দ মো. আবু দাউদ বলেন, এটি কর বিভাগকে ব্রান্ডিং করার মাস। আমাদের সহকর্মীরা ঘুমন্ত সন্তানকে রেখে অফিসে আসেন আবার বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন বাসায় ফেরেন। তাদের ভুল হলে করদাতারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সঙ্গে সহকর্মীদের প্রতি সম্মানিত করদাতাদের হাসিমুখে সেবা দেওয়ার আহবান জানাই। শ্রদ্ধাবোধ ও স্বচ্ছতার সঙ্গে রিটার্ন গ্রহণ করবেন।
কর কমিশনার (অঞ্চল ৪) এসএম ফজলুল হক বলেন, কর বিভাগের প্রধান লক্ষ্য ভাবমূর্তি। ভাবমূর্তি হচ্ছে মানুষ যা ভাবে। আমরা চাই করদাতারা রিটার্ন দিয়ে ফেরার সময় যেন ভাবে, কর বিভাগ আমার বিভাগ। মেলার পরিবেশে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও সেবা দেব আমরা। শূন্য রিটার্ন দিলেও উৎসাহিত করতে হবে। মেলার কারণে জনসাধারণের মধ্যে কর সচেতনতা বেড়েছে।

