দলের সাংগঠনিক ভিত শক্তিশালীকরণ ও নেতাকর্মীদের চাঙ্গা করতে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে গণসভা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি। এই সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার কথা রয়েছে। এমন অবস্থায় তারিখ নির্ধারণ হয়ে যাওয়া চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠান নিয়ে দোলাচল সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের কোন কোন নেতা মনে করছেন যেহেতু ১০ বছর পর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। সেহেতু কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন পরিকল্পনা প্রস্তুতি থাকলে দক্ষিণ জেলার সম্মেলন হয়ত নির্ধারিত ১ ডিসেম্বর এবং মহানগরের সম্মেলন হয়ত নির্ধারিত তারিখের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। অথবা পরিবর্তন হতে পারে দুই ইউনিটের সম্মেলনের তারিখ।
এই ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু স্লোগান নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। এই নিয়ে আমাদের পরিকল্পনা প্রস্তুতির ব্যাপার আছে। সেক্ষেত্রে আমাদের সম্মেলনের তারিখ হয়ত আগানো বা পিছানো হতে পারে। কারণ মহানগরের সম্মেলনের তারিখেই পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভা হচ্ছে। সে কারণে মহানগরের সম্মেলন আর ৪ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা সম্মেলন ১ ডিসেম্বর করে ফেলতে চাইছি। এতে কোন ধরনের প্রস্তুতির ঘাটতি থাকবে না। তবুও ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে যেহেতু নেত্রীর জনসভা আছে, সম্মেলন হবে কিনা এ নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আমরা জনসভা সফল করতে কার্যক্রম শুরু করবো।
গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর ১৫ থানা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক কমিটির আহ্বায়কদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন পৃথক পৃথক বৈঠক করেছিলেন। বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৪ ডিসেম্বর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১ ডিসেম্বর সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
এদিকে, পলোগ্রাউন্ডে জনসভার করণীয় নির্ধারণে আজ শনিবার (২৯ অক্টোবর) বাদে মাগরিব দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে কার্যনির্বাহি সভা ডেকেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
ইউডি

