দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাহত শ্রমিক মাসুদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। বন্ধ রয়েছে ট্রাক ও আড়ত থেকে পণ্য ওঠানো-নামানো।
সড়কে ঠেলাগাড়ি উল্টে রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। দাবি তুলেছেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। অন্যথা বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। তাদের দাবিতে সহমত পোষণ করেছেন ব্যবসায়ীরাও।
তবে এখনও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার বিকেলে রাসেল নামে এক পিকআপ চালকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় শ্রমিক মাসুদের। পরে সন্ধ্যায় রাসেল ১০ থেকে ১২ জন লোক নিয়ে মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে থেকে মাসুদকে টেনে রাস্তার মাঝখানে নিয়ে কয়েক দফা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে জাতীয় শ্রমিক লীগ সমন্বয় পরিষদের সদস্যসচিব আবুল হোসেন আবু বলেন, খাতুনগঞ্জে ছুরিকাঘাতে এক শ্রমিক আহতের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায় নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

