চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- মামুন ও হৃদয়।
আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।
ওসি জানান, দুপুরে গোসল করে এসে মায়ের সাথে ভাত খাবে বলে বের হয় দুই বন্ধু। চাক্তাই খালে তারা প্রায়ই জোয়ারের পানিতে লাফ দিয়ে খেলা করতো। আজকেও তারা পার্শ্ববর্তী একটি ভবন থেকে জোয়ারের পানিতে লাফ দিয়েছিল। কিন্তু লাফ দেয়ার পর আর খাল থেকে তারা উঠতে পারেনি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে এসে আমরা প্রথমে নিখোঁজ মামুনের মরদেহ উদ্ধার করি। তার গলায় লোহার আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত পানির নিচে থাকা কোন লোহার সাথে তার আঘাত লাগে। এর প্রায় ৩০ মিনিট পর খালের নিচে আটকে থাকা হৃদয়ের মরদেহও উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

