চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছে থাকা একটি চাপাতি উদ্ধার করা হয়।
শনিবার (৬ আগস্ট) রাতে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নম্বর রেল গেইট জামাল কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪)।
জানা যায়, এলাকার কিছু ছিটকে চাঁদাবাজ মাসুদ আলম (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। শনিবার দুপুরে মুরাদপুর এলাকার জামাল কলোনির সামনে থেকে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারি মারধর করে। একপর্যায়ে মো. জিকু চাপাতি দেখিয়ে হত্যা করার হুমকি দেয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার বলেন, চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা একটি চাপাতি উদ্ধার করা হয়।

