চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় আবার স্বাভাবিক হল গণপরিবহন চলাচল। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলে অবশেষে গণপরিবহন চলা শুরু হয়।
শনিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন সিদ্ধান্তটি নেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চট্টগ্রামের সকল বাস চালকদের অনুরোধ করেছি গাড়ি নিয়ে রাস্তায় নামার জন্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্তে যাবো।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত নগরে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা গণপরিবহন না পেয়ে অফিসগামী যাত্রীদের রিকশা, টেম্পো ভাড়া নিয়ে যেতে হয়েছে গন্তব্যে।

