চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকা থেকে মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছে থেকে ২০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেল চন্দনাইশ থানার বরমা ইউপির মৃত আহমদ নুরের ছেলে। গত সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর আলকরণ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছে থেকে ২০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল জানায়, সে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো সংগ্রহ করে। পরে সেগুলো খুচরা ও পাইকারিতে বিক্রি করে।

