চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কামাল হোসেন ও মো. রাসেল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া। রায় ঘোষণার সময় আদালতে নীলু আক্তার রিয়া অনুপস্থিত ছিলেন। তবে অন্য তিন আসামি উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
রোববার (৩১ জুলাই) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী জানান, হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে উপস্থিত থাকা ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জানা গেছে, সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেট থেকে ২০১৬ সালের ২০ অক্টোবর হাত পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের মরদেহ উদ্ধার করা হয়। ডবলমুরিং থানায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।

