প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
এর আগে বুধবার নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত ব্রিজের টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৬ জুলাই কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপি আয়োজিত একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। পরবর্তীতে এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়।
এ ঘটনায় গত ১৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ছাত্রদল সভাপতিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

