চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে জেমসের একটি কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পলোগ্রাউন্ড মাঠের ওই কনসার্টের প্রবেশমুখে এই ঘটনা ঘটে।
আহত হাসান (২২), মারুফ (১৮) ও কাদেরকে (২০) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উদ্ধার করে। এদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রবেশমুখের ঘেরা ভেঙ্গে দর্শনার্থীরা ভেতরে ঢুকার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।
এর পর কনসার্টে মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেট ভেঙ্গে উৎসুক জনতা ভিতরে ঢুকে যায়। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চের সামনে এবি নাছির নামে পুলিশের একজন এএসআই আহত হয়েছেন।
সিক্সবেস কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, এভোয়েড রাফা, আর্টসেল পারফর্ম করার কথা রয়েছে।

