চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. নাছির প্রকাশ ধামা নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাছির চান্দগাঁও থানাধীন কসাইপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে।
শনিবার (২৩ জুলাই) রাতে বহদ্দার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, গতকাল সকালে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ৬ শ টাকা ছিনতাই করে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। এ ঘটনায় অন্যান্য আসামীদের আটক ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

