উচ্চক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়ায় উঠে বসে ছিল মো. নাছির নামের এক যুবক। কারও কথাই শুনছিলোনা সে। পরে পাশে এক মসজিদের মাইকে আজান দিয়ে তাকে নামানোর ব্যবস্থা করে ফায়ার সার্ভিস।
রোববার (২৪ জুলাই) সকালে চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের বাংলাবাজার তারা গেইট সংলগ্ন সিভিও পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
মো. নাছিরের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
স্থানীয়রা জানায়, নাছির প্রায় সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় উপরে উঠে বসে থাকে। তবে কখনো বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে নেমে আসে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবীর হোসেন বলেন, নাছির নামের এই মানসিক ভারসাম্যহীন যুবক ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে উঠে বসেছিল। মাইকিং করেও তাকে কোনভাবে নামানো সম্ভব হচ্ছিল না। স্থানীয়দের কাছ থেকে জেনে মসজিদে আজানের ব্যবস্থা করি। আজান শুনেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়া থেকে সে নেমে আসে।

