চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পা বাঁধা অবস্থায় গাছ থেকে মো. কামরুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে আকবর শাহ’র হারবাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. কামরুল ইসলাম ফেনীর সোনাগাজী থানার সোনাপুর চরডুব্বার এলাকার মো. হাফিজ উল্লাহর ছেলে।
কামরুলের পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, রাতে খাবার খেতে বসেছিল কামরুল। এমন সময় তার মোবাইলে ফোন আসে। ফোনে কথা বলতে বলতে সে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় ধরে বাসায় না ফিরলে তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাই। সারারাত তাকে এদিক-সেদিক খুঁজেছি। সকালে প্রতিবেশিরা কামরুলকে বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে বেল্ট দিয়ে গলা পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর পাঠায়। তার পা বাঁধা ছিল এবং গায়ে আঘাতের চিহ্নও ছিল।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় ২০ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১২টার দিকে ছেলেটির পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

