ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, সুশীল দে টিটু, সুভাষ মুহুরী ও সদীপ দে।
বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে গত রোববার (১৭ জুলাই) সকালে একই আদালতে হাজির হয়ে ৫ জন জামিন আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ২০২১ সালের ২৩ আগস্ট ইসকনের পক্ষে নন্দনকানন রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে কাউন্টার টেররিজমকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্ত শেষে গত ২৫ এপ্রিল আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেররিজম। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন উভয়পক্ষের আইনজীবীরা মামলাটি সমঝোতা করবেন।

