প্রবাসী আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশ’র প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে হতে যাওয়া ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক তিনদিনের এ প্রদর্শনী এদিন সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের এ প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। ফিনল্যান্ডকে বিশে^র সবচেয়ে সুখী দেশ বলা হয়ে থাকে। তিন নর্ডিক প্রতিবেশী-নরওয়ে, ডেনমার্ক ও আইসল্যান্ডের পাশের দেশ ফিনল্যান্ডে বাংলাদেশের বিশেষত চট্টগ্রামের ফটো সাংবাদিক অনুরূপ কান্তি দাশ বছর পাঁচেক আগে থিতু হয়েছেন জীবন-জীবিকার তাগিদে। জীবন তার জীবিকা পাল্টে দিলেও শিল্পের প্রতি তার অনুরাগ একটুকুও দমাতে পারে নি। দেড় দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে আলোক চিত্রকলার সাথে যুক্ত থাকা অনুরূপ জীবিকার প্রয়োজনে প্রবাসে গিয়েও ছাড়তে পারেন নি তার নেশা।
ষড়ঋতুর দেশ ছেড়ে নতুন দেশের প্রকৃতির রূপ-রস তাকে আলোড়িত করেছে সমভাবে। অনুপ্রাণিত করেছে নতুন করে ক্যামেরার ল্যান্সে চোখ রাখতে। উত্তরের দেশ ফিনল্যান্ডের তীব্র শীত আর শুভ্র প্রকৃতি অনুরূপ তার ক্যামেরার মাধ্যমে তুলে এনেেেছন শৈল্পিক আবহে। বছর পাঁচেকের বিরতিতে স্বদেশের প্রিয় শহরে ফিরে এসে সে শুভ্র প্রকৃতির ছবিগুলো ভাগ করে নিতে চাইছেন তার জন্মশহরের মানুষগুলোর সাথে। অনুরূপ ছবি তোলার ক্ষেত্রে তার শৈল্পিক আবেগকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শুধুমাত্র পেশাগত জীবন নয়, নিজের জীবনবোধের মধ্যেই তার এই শিল্প মিশে আছে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার তোলা মোট ২৪টি ছবি। এই আলোকচিত্র প্রদর্শনীতে সহযোগিতা করছেন ফিনল্যান্ডের একমাত্র বাংলা নিউজ পোর্টাল ‘সংবাদ২১ডটকম’।
তিনদিনের এ প্রদর্শনীতে অংশ নিয়ে তা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী নিজেই।

