চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ও পাহাড় সম্রাট খ্যাত ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৫ জুলাই বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে সমন্বিত প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। এ সময় আলীনগর প্রান্তে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে পরিদর্শন টিমের গাড়ি বহর থেকে স্থানীয় মেম্বারকে নামিয়ে মারধর করে। এ ঘটনায় মেম্বারের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে ইয়াসিন পলাতক।
জানা গেছে, ইয়াসীন সীতাকুণ্ডে ভূমিদস্যু ও পাহাড়খেকো হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানার জায়গা দখলের রাজত্ব কায়েম করে। ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার বাবা সিএনজিচালক। তার নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগের অসংখ্য মামলা রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াছিন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

