আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৫ যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভাশীষ শর্মা আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, সঞ্জয় চৌধুরী (৪০), সুভাষ মুহুরী (৩৪), সুজন বিশ্বাস (৪০), সদীপ দে (৪০) ও সুশীল দে টুটুল (৫০)। তারা সকলেই প্রবর্তক সংঘের অনুসারী।
গত বছরের ২৩ আগস্ট নন্দনকাননের রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তাপস আর্চায্য বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। কাউন্টার টেরোরিজমের উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মামুন চলতি বছরের ২৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর ওই ৫ আসামির বিরুদ্ধে সমন জারি করে আদালত। আজ ৫ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

