কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের আগে ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। লাইভে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকাকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে নিজেই দাবি করেছিলেন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাকে নিজের অফিসকক্ষে আটকে রাখা হয়েছে।
পরে ফেসবুক লাইভে এসে ওই ঘটনার বর্ণনা দেন জ্যোতি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, চলমান পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে যান। সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখতে পান। পরে মহাপরিচালকের সঙ্গে কথা বললে পরিস্থিতি বিবেচনায় তাকে অফিস ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

