অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও বাংলাদেশ। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ-২) মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট ও ১.১৮৬ নেট রান রেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।
সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল পাকিস্তান। এরপর রোববার হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তিন উইকেটে হারায় তারা।
গ্রুপ ‘এ’-র শীর্ষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান সেমিফাইনালে খেলবে গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।
আট দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একই দিন আল আমেরাতের টার্ফ-১ মাঠে মুখোমুখি হবে ভারত ও গ্রুপ ‘বি’-র শীর্ষ দল আফগানিস্তান।
আজ আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগের আসরের রানার্সআপ ভারত নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে অল্প ব্যবধানে হেরে যায়।
অন্যদিকে সোমবার শ্রীলঙ্কাকে ১০৬ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট ও ৩.১৭৬ নেট রান রেট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা।
সেমিফাইনালে বিজয়ী দুই দল একই ভেন্যুর টার্ফ-২ মাঠে আগামী ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

