চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দার সদস্যরা। এসময় ওই যাত্রীকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) বিমানবন্দরে দায়িত্বরত একজন শুল্ক গোয়েন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি জামালপুরের বাসিন্দা বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ নামের একটি ফ্লাইট দুবাই থেকে এসে শাহ আমানতে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় মাসুদ রানাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। পরে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়। তার বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক করা স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

