চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সাড়ে ৬টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম।
ঘোষিত ফলাফলে ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এডভোকেট তোফাইল বিন হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল) পান ১,৩৬৫ ভোট।
নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, ভোট চলাকালীন সময়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বাঁশখালী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৮০ জনের মধ্যে ১৫ হাজার ৭২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৫৮.৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

