রাষ্ট্রপতি বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ।আজ বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আশা করেন, দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি।
বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার সকালে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শিগগিরই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
পরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করেন।
এ সময় প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, দেশের যেকোনও প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে জনগণ কমিশনের কার্যক্রম বুঝতে পারে।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

