মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি ‘বিশেষ কারণে’ তিনি স্বেচ্ছায় এই পদত্যাগ করছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পদত্যাগের কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ইশরাক বলেন, “বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব এবং মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব।”
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন ইশরাক।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় দলবল নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। ওই অভিযানের সময় প্রকাশ্যে তার হাতে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ পরিস্থিতির মুখে গতকাল রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার এক দিন পরই আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন।

