পাথর বোঝাই ট্রাকের ভারে রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং সেতু ভেঙে পড়েছে। এ ঘটনার পর বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সীমান্ত সড়ক নির্মাণ কাজের পাথর নিয়ে যাওয়ার সোমবার সকালে ট্রাকটি কাচালং সেতুতে ওঠার সঙ্গে সঙ্গেই পাটাতন ভেঙে যায়।
এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েন বহু মানুষ।
খাগড়াছড়ির সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পুরাতন এই সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ।
কিন্তু সাত বছর পেরিয়ে যাওয়ার পরও নতুন সেতু দিয়ে যান চলাচল শুরু করা যায় নি। তাই ঝুঁকিপূর্ণ হওয়া স্বত্বেও পুরাতন সেতু দিয়েই যান চলাচল করছিল।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পর আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করা হবে।
মাকসুদুর বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। শুধু সংযোগ সড়কের কিছু কাজ এখনও চলমান রয়েছে।
জানা গেছে, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে। ২০১৯ সালের পহেলা জানুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও তা হয় নি। ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে।
নতুন সেতু নির্মাণাধীন অবস্থায় এর আগে গার্ডার ভেঙে পড়ে।

