আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি।
রোববার(৭ মে) দুপুরে রাজধানীর সেতুভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালে মতো পক্ষপাতমূলক আচরণ করেছিল ওইরকম সরকার বিএনপি চায়। তত্ত্বাবধায়কের চরিত্র ও বৈশিষ্ট্য হারানো এমন পক্ষপাতদুষ্ট সরকার আওয়ামী লীগ চায় না।
ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোনো বিদেশি বন্ধু রাষ্ট্র কোনো চাপ দেয় নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে।’
এর আগে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

