চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাংয়ের প্রধানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার ইফতারের পর থেকে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ‘সানি গ্যাং’ গ্রুপের সদস্যরা হলো রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) এবং আল রাব্বি (২৪)। এরমধ্যে রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামে নগরের বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেপ্তার ‘পিচ্চি সাকিব গ্যাং’ গ্রুপের সদস্যরা হলো মো. জসিম (২৫), মো. রাকিব (১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং মো. সাকিব (১৫)। এরমধ্যে আসামি জসিম, রাকিব এবং বেলালের বিরুদ্ধে নগরের পাহাড়তলী থানায় ১টি করে এবং সাকিবের নামে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং আকবরশাহ থানায় ১টি করে মোট ২টি ছিনতাই, চাদাবাজি ও মারামারির মামলা রয়েছে।
র্যাব জানায়, সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে উঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতে পাড়া-মহল্লায় গড়ে উঠছে কিশোর গ্যাং।
সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরে মঙ্গলবার ইফতারের পর থেকে দিবাগত রাত (সেহেরি) পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে দুই কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

