চট্টগ্রাম নগরীর ফলমন্ডি বাজারে বেশি দামে খেজুর বিক্রির করায় তিন আমদানিকারক প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘অভিযানে খেজুর আমদানি থেকে শুরু করে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম পাওয়া যায়। ফলমন্ডির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে বিভিন্ন জাতের খেজুর বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে আজওয়া ৭৫০-১০০০, মাবরুম ১২০০- ১৩০০, মরিয়ম ৫০০-৮০০, দাবাস ৪০০-৬০০, জাহিদি ২০০-২৫০, মেজডুল খেজুর ১২০০-১৩০০, আলজেরিয়া খেজুর ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আমদানি তথ্য ও বাস্তব বাজার দরের সঙ্গে বিস্তর পার্থক্য।
তিনি আরও বলেন, ‘আমদানি মূল্যের চেয়ে তিন-চারগুণ বেশি দামে বিক্রি খেজুর করায় আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার, আমদানিকারক আলী জেনারেল ট্রেডিং প্রতিষ্ঠানকে ১০ হাজার এবং ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফলমন্ডি বাজারে খেজুরের আমদানিকারক আছে ১২ জন। অভিযানে গিয়ে তিন আমদানিকারককে পাওয়া যায়। তারা উন্নত জাতের খেজুর আমদানি করেও সেগুলো কম দাম দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে । কিন্তু তারা আমদানি মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে।’

