শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিশু আয়াত খুন : ঘাতক আবিরের ঘনিষ্ট বন্ধু হাসিবের জবানবন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে শিশু আলীনা ইসলাম আয়াতকে খুনের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবির আলীর ঘনিষ্ঠ বন্ধু মোঃ হাসিবকে গ্রেফতারের পর আদালতে জবানবন্দি দিয়েছে। আয়াতকে অপহরণের পরিকল্পনা থেকে হত্যাকাণ্ড সবই আবির তাকে জানিয়েছিল বলে তথ্য দিয়েছে এই হাসিব।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান গ্রেফতার হাসিবের পাঁচ পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেন আয়াত খুনের রহস্য উদঘাটনে গঠিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমের পরিদর্শক ইলিয়াস খান।

১৭ বছর বয়সী কিশোর হাসিব নগরীর ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট এলাকায় আয়াতের বাসার অদূরে ‘ভাই ভাই হোটেলের’ মেসিয়ার হিসেবে কর্মরত ছিল। একই এলাকার সাইফুল কলোনিতে ব্যাচেলর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

পিবিআই পরিদর্শক (মেট্রো) ইলিয়াস খান জানিয়েছেন, আবির আলীকে গ্রেফতারের পর তার ঘনিষ্ঠ কিশোর হাসিবকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন সে প্রাথমিকভাবে কিছু তথ্য দিলেও আবির আলীকে গ্রেফতার করে ঘটনার পুরো রহস্য উন্মোচনের পর হাসিব সার্বিক বিষয় অবগত থাকার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই টিম। এরপর মঙ্গলবার দুপুরে বাসার সামনে থেকে হাসিবকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার হাসিব জবানবন্দিতে জানিয়েছে- বয়স এক-দেড় বছর কম হলেও শৈশব থেকেই আবির তার ঘনিষ্ঠ বন্ধু। তবে তাকে ‘আবির ভাই’ বলে ডাকত। গত অক্টোবর মাসের শুরুর দিকে একদিন ওই এলাকায় নেভি গেটের পাশে নালার প্রতিরোধ দেয়ালের ওপর বসে আড্ডার সময় আবির তাকে জানায়- নয়ারহাট এলাকায় মনজুর বিল্ডিংয়ের (যে বাসায় আবিরের জন্ম এবং মায়ের সঙ্গে ছাড়াছাড়ির পর তার বাবা এখনও যে বাসায় ভাড়া থাকেন) মালিক মনজুরের নাতনি আয়াতকে অপহরণ করে মেরে ফেলবে আর তার দাদার কাছ থেকে মুক্তিপণের টাকা নেবে। আবির তাকেও এই পরিকল্পনা বাস্তবায়নে সঙ্গে থাকার প্রস্তাব দিলেও সে প্রত্যাখান করে। তখন আবির তাকে কাউকে কিছু না বলার নির্দেশ দেয়।

ঘটনার দিন ১৫ নভেম্বর দুপুরে আবির ও তার এক বন্ধু রবিন ভাই ভাই হোটেলে যায়। আবির গরুর গোশত দিয়ে ভাত খায়। রবিন ভাত খায়নি, আবির ভাত খেয়ে চলে যায়। বিকেল ৫টার দিকে লোকজনের ছোটাছুটি দেখে খোঁজ নিয়ে জানতে পারে, আয়াতকে পাওয়া যাচ্ছে না। হোটেলে কাজ শেষে বের হওয়ার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আয়াতের বাসার বিপরীতে এক ভবনের নিচে আবিরের সঙ্গে তার দেখা হয়। দু’জন মিলে ওই এলাকার লেবার কলোনির দিকে আয়াতকে খুঁজতে বের হয়।

‘আমি আবির ভাইকে জিজ্ঞেস করি- আয়াত কোথায়, আপনি কি তাকে কিছু করেছেন? সে জানায়, আয়াতকে অপহরণের পর মেরে ফেলেছে, লাশ আকমল আলী রোডের পকেটগেট এলাকায় তার মায়ের বাসায় রেখেছে। ওই বাসায় মা এবং বোনের সঙ্গে সে থাকতো। আবির ভাই জানায়, দুই-একদিন পর আয়াতের দাদার কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করবে। টাকা নেওয়ার সময় আমি থাকলে আমাকেও কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আমি রাজি হইনি। আয়াতকে মেরে ফেলার কথা শুনে ভয় পেয়ে বাসায় চলে যাই।’

জবানবন্দিতে হাসিব আরও জানায়, মানুষ সন্দেহ করবে- এই ভয়ে আয়াতকে মেরে ফেলার বিষয়টি জানার পরও সে কাউকে কিছু জানায়নি। এরপর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত সে নিজের মতো করে স্বাভাবিক থাকে।

জবানবন্দির শেষ পর্যায়ে ক্ষমা চেয়ে হাসিব বলে, ‘আমি ক্ষমাপ্রার্থী। আমি সময়মতো আয়াতকে মেরে ফেলার ঘটনা সবাইকে বলে দিলে টুকরো টুকরো করার আগে লাশটা অন্তত পাওয়া যেত। কিন্তু আমি ভয়ে কাউকে কিছু বলিনি। পরে আমি শুনেছি- আবির আয়াতের লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে।’

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ‘নিজের কিংবা অন্য কারও সংঘটিত অপরাধ জেনেও গোপন করা আরেকটি গুরুতর অপরাধ। আবিরের ঘনিষ্ঠ ছেলেটিকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে। সে জানিয়েছে তার বয়স ১৭ বছর। কিন্তু তার জন্ম নিবন্ধন কিংবা বয়সের প্রমাণ হিসেবে কিছুই নেই। আমরা উপযুক্ত পরীক্ষার মাধ্যমে তার বয়স নির্ধারণ করব। আপাতত তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জবানবন্দি দেয়ার পর আদালত তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি...

সর্বশেষ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...

দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি

বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের অভিযোগে দুই...